সেলিমুল হাবিব সেলিম

সেলিমুল হাবিব, যিনি সেলিম নামেই সবার কাছে পরিচিত, চুয়াডাঙ্গা জেলার এক সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার জন্ম ১৯৭৮ সালের ২ ফেব্রুয়ারি। তিনি হাবিবুর রহমান ও সেলিমা বেগমের সন্তান। ছোটবেলা থেকেই সাহিত্য ও সংস্কৃতির প্রতি ছিল প্রবল টান।

১৯৯৩-৯৪ সালের দিকে অরিন্দম-চুয়াডাঙ্গার সঙ্গে যুক্ত হয়ে তার সাংস্কৃতিক পথচলার সূচনা হয়। সেই সময় থেকে তিনি নাট্য, সংগীত, সাহিত্য, নৃত্য ও সমাজসেবাসহ সংগঠনের প্রায় সব শাখায় সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। সংগঠনের বিভিন্ন সময়ে তিনি সম্পাদকীয় দায়িত্বও পালন করেছেন।

অভিনয় করেছেন অরিন্দমের মঞ্চস্থ উল্লেখযোগ্য নাটক—‘হিপোক্রেট’, ‘এখনও এই দেশে’, ‘মেহেরজান আরেকবার’, ‘কিচ্চা’, ‘ক্ষুদিরাম কথা’, ‘নীল সিন্দুরিয়া’ সহ আরও বহু প্রযোজনায়। কেবল অরিন্দম নয়, সাংস্কৃতিক নেতৃত্বেও রয়েছে তার দৃপ্ত পদচারণা—২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সেলিমুল হাবিব একজন সাংস্কৃতিক কর্মী হওয়ার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবেও এলাকায় পরিচিত। ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মগুলো যখন আজকের দিনে রক্তদানের আহ্বানে সাড়া দেয়, তখনকার সময়ে এসব ছিল না। অথচ সেই সময়েই সেলিম ছিলেন এমন একজন, যিনি কারো প্রয়োজনে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে যেতেন। এখনো কেউ বিপদে পড়লে তিনি সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। নিঃস্বার্থভাবে মানুষকে সহায়তা করা, বিপদে-আপদে বন্ধু-পরিজনের পাশে দাঁড়ানো এবং রক্তের প্রয়োজন হলে নিজের পরিচিত পরিসর ব্যবহার করে দ্রুত সাহায্যের ব্যবস্থা করা—এসবই তার স্বভাবের অংশ।

এক কথায়, তিনি শুধু সংগঠনের কর্মী নন, তিনি একজন দায়িত্বশীল, মানবিক ও সহানুভূতিশীল নাগরিক, যিনি ভালোবাসেন মানুষকে, এবং মানুষের জন্যই কাজ করে যেতে চান।

সেলিম পেশায় একজন ব্যবসায়ী হলেও মঞ্চ ও সংস্কৃতি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। সাহিত্য পরিষদ প্রাঙ্গণ তার প্রিয় আড্ডার জায়গা। নিজেকে তিনি মনে করেন একজন উপকারী, খোলামেলা ও ক্ষণিক রাগ করে থাকেন এমন ব্যক্তি, যিনি রাগ পুষে রাখেন না।

তার প্রিয় রং লাল ও খয়েরি, প্রিয় ঋতু শীতকাল। পছন্দের শিল্পী মান্না দে ও আইয়ুব বাচ্চু; প্রিয় অভিনেতা সালমান শাহ। হুমায়ুন আহমেদের বই পড়তে তিনি ভালোবাসেন।

সংগঠনের প্রতি তার নিষ্ঠা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অরিন্দমকে সবসময়ই দৃঢ়তায় এগিয়ে নিতে সহায়ক হয়েছে।

আরও কিছু তথ্য

  • রক্তের গ্রুপ: B+

  • মোবাইল: +880 1721-284404