সহ-সাধারণ সম্পাদক, অরিন্দম সাংস্কৃতিক সংগঠন
১৯৮৫ সালের ৫ নভেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার মসজিদপাড়ায় জন্মগ্রহণ করেন মোঃ মনিরুজ্জামান, সবার কাছে যিনি মানিক নামে পরিচিত। বাবা মোঃ সেলিম রেজা ও মা মোছাঃ শাহানা বেগম-এর স্নেহধন্য প্রথম সন্তান তিনি। তিন ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ হিসেবে দায়িত্ববোধ তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। বর্তমানে তিনি বসবাস করছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ফার্মপাড়ায়।
প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ে, যেখানে ২০০০ সালে তিনি এসএসসি সম্পন্ন করেন। এরপর ২০০৩ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০০৮ সালে মালয়েশিয়ার Universiti Sains Malaysia (USM) থেকে বি.বি.এ (অনার্স) ডিগ্রি অর্জন করেন।
ব্যবসাকে পেশা হিসেবে বেছে নিলেও মনিকের হৃদয়ের টান সবসময়ই সংস্কৃতির প্রতি। তার সাংস্কৃতিক যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে নানাবাড়ি মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে মঞ্চনাটক “বিজয় মালা”–এর মুল্লুখ খা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ২০০০ সালে জেলা শিল্পকলা একাডেমিতে সরগম সাংস্কৃতিক সংগঠনের হয়ে “দুই বিঘা জমি” নাটকে অভিনয় করে তিনি স্থানীয় নাট্যমঞ্চে পরিচিতি পান।
২০১৬ সালে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনে যোগ দিয়ে তিনি মঞ্চে নতুন প্রাণ সঞ্চার করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— পূর্বকথন, ক্ষুদিরাম কথা, নীল সিন্দুরিয়া, রিক্তের বেদন, একজন বিহন্নতার স্বপ্ন, মানুষ, মনিমুক্তা ইত্যাদি। অরিন্দমে তিনি দুইবার অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন ‘পরিবেশ থিয়েটার’-এর সনদ।
ব্যক্তিগত পছন্দ ও রুচি:
প্রিয় রং নীল, প্রিয় ঋতু বসন্ত। বিদেশি খাবারের মধ্যে তার পছন্দ টম ইয়াম ও নাসি ক্যান্ডার, আর দেশীয় খাবারের তালিকায় রয়েছে সাদাভাত, পুইশাক ও সজনে ডাটার পাতলা ঝোল তরকারি। প্রিয় বই জহির রায়হানের হাজার বছর ধরে, প্রিয় গান কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, প্রিয় চলচ্চিত্র The Myth। পছন্দের অভিনেতা সালমান শাহ, প্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। ছুটি কাটানোর সবচেয়ে প্রিয় স্থান তার নানাবাড়ি—চাঁদপুর গ্রাম। অবসরে গান শোনা ও লেখালেখি তার শখ।
বিশ্বাস ও নীতিবাক্য:
“হিংসা বিদ্বেষ নয়, আসুন ভালবাসা ছড়াই।”
তিনটি শব্দে তিনি নিজেকে বর্ণনা করেন— দায়িত্বশীল, প্রতিবাদী, সহযোগিতাপরায়ণ। তার সেরা গুণ হলো মানুষের প্রতি আন্তরিক সহযোগিতা।